২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে দুর্নীতি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

বিমানে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 12:56 AM

Updated : 18 Aug 2022, 04:46 PM

তিনি বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিমানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। যারাই দুর্নীতিতে যুক্ত থাকবে তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে জাপান, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের সিআইপিদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

মাহবুব আলী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পুনর্গঠনে অত্যন্ত আন্তরিক। তার নির্দেশনা অনুযায়ী সবার সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুনাম ফিরিয়ে আনা হবে।”

বিমানের গ্রাহক সেবার মানোন্নয়নের পাশাপাশি বিমান সংশ্লিষ্ট সব খাতে গ্রাহক হয়রানি প্রতিরোধ করার কথাও বলেন তিনি।

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান প্রধানমন্ত্রীর গতিশীল ও যোগ্য নেতৃত্বে গত ১০ বছরে দেশে ব্যবসার অনুকূল পরিবেশ বিরাজ করছে। আগামী দিনেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

বৈঠকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান, চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরীসহ সংগঠনের নেতারা অংশ নেন।