বসুন্ধরা ফুড কোর্টে র্যাবের অভিযান
ঢাকার অভিজাত বিপণি বিতান বসুন্ধরা সিটির খাবার দোকানগুলোতে অভিযান চালিয়ে নানা অনিয়মের জন্য ৩১ লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
পান্থপথে বসুন্ধরা সিটি’র আট তলায় এই খাবারের দোকানগুলোতে সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম।
সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়াদোত্তীর্ণ খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং কাপড়ের রং খাবারে মেশানোয় এই জরিমানা করা হয়।”
ফুড কোর্টের প্রায় প্রতিটি দোকানের সামনে র্যাব সদস্য অবস্থান নেওয়ায় দোকানিদের কেউ বের হয়ে বা বন্ধ করে চলে যেতে পারেননি। র্যাবের সঙ্গে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই’র প্রতিনিধিও ছিলেন অভিযানে।
প্রথমে ‘মিডনাইট সান’ ও ‘ঢাকাইয়া ৯৬’ এ অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান দুটি বন্ধও করে দেয় র্যাব।
এছাড়া মোগল দরবারকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান হট মাসালাকে তিন লাখ টাকা, দিল্লী স্পাইসিকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান দরবারকে তিন লাখ টাকা, এলএফসি স্পাইসি দোসাকে তিন লাখ টাকা, ইন্ডিয়ান হান্ডিকে এক লাখ টাকা, কাবালা সী ফুডকে এক লাখ টাকা, কোরিয়ান ক্লোজিকে এক লাখ টাকা, দোসা কিংকে তিন লাখ টাকা, বিএফসিকে এক লাখ টাকা, টাংগি এন্ড টামিকে দুই লাখ টাকা ও দিল্লী দরবারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
