২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলায় সাজাপ্রাপ্ত ২ সাবেক পুলিশ কর্মকর্তার আত্মসমর্পণ

একুশে অগাস্ট গ্রেনেড বিস্ফোরণের মামলায় দণ্ডপ্রাপ্ত পুলিশের সাবেক দুই কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ও খান সাইদ হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 05:14 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুইজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি নিয়ে বিচারক শাহেদ নূর উদ্দিন আবেদন নামঞ্জুর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সময় ওবায়দুর রহমান উপ-কমিশনার (ডিসি, পূর্ব) এবং খান সাইদ হাসান উপ-কমিশনার (ডিসি, দক্ষিণ) ছিলেন।

১৪ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় একই ট্রাইব্যুনাল।

গত বছরের ১০ অক্টোবর ওই রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

সাবেক দুই ডিসিকে দুই বছর করে পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।