তৌফিক-ই এলাহীর বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরীর বড় বোন ফাতেমা মবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ক্যান্সারে আক্রান্ত ফাতেমা মবিন চৌধুরী ৭৬ বছর বয়সে শনিবার রাত ১টায় বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার স্বামী প্রকৌশলী মবিন চৌধুরী ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে অবসরে যান।
তাদের দুই ছেলে। একজন প্রকৌশলী হিসেবে যুক্তরাষ্ট্রে, অন্যজন বাণিজ্য পরামর্শক হিসেবে কানাডা প্রবাসী।
