২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌপ্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 06:32 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

পুরনো খবর:

নতুন নৌপ্রধান আওরঙ্গজেব

তিনি শনিবার এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওরঙ্গজেব চৌধুরীকে উপকূল রক্ষা বাহিনী কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০ জানুয়ারি তাকে এক বছর ছয় মাসের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইএসপিআর জানিয়েছে, নৌ সদর দপ্তরে কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন আওরঙ্গেজেব চৌধুরী। এসময় নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডারসহ ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়ায় জন্ম নেওয়া আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, মেরিন একাডেমির কমান্ডেন্ট, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব সামলে এসেছেন তিনি।

আওরঙ্গজেব চৌধুরী ২০১৬ থেকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত নানা প্রশিক্ষণ নিয়েছেন আওরঙ্গজেব চৌধুরী। তিনি হাওয়াই থেকে ফ্লাগ অফিসার কমপোনেন্ট কমান্ডার কোর্স সম্পন্ন করেন।

আওরঙ্গজেব চৌধুরী ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি এবং ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। তিনি এখন ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পিএইচডি করছেন।

আওরঙ্গজেব চৌধুরীর স্ত্রী একজন চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।