সাত দশকের হরতাল নিয়ে অজয় দাশগুপ্তের বই
১৯৪৭ সাল থেকে ২০১৭ সাল নাগাদ বিভিন্ন আন্দোলনে কর্মসূচি হিসেবে রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল নিয়ে ‘সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি’ নামে একটি বই লিখেছেন সাংবাদিক-গবেষক অজয় দাশগুপ্ত।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে ৫৫১ পৃষ্ঠার এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “যে বইটি প্রকাশিত হল এটি একটি তথ্যের আখর গ্রন্থ। যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে লিখবেন, রাজনীতি, অর্থনীতি নিয়ে লিখবেন, তাদের কাছে এটি একটি অপরিহার্য গ্রন্থ। তার কারণ এতে দুষ্প্রাপ্য পত্রিকার খবর তুলে ধরা হয়েছে। এতে ৭০ বছরের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়েছে।”
বইটিতে হরতাল সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সব সময় সব কাগজ সত্য কথা বলে না। তাদের পক্ষপাতের জন্য খবরে রঙ ছড়িয়ে দেওয়া হয়। কাজেই আমরা যখন খবরের কাগজের তথ্য নেব তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে।”
বইটিতে হরতাল সফল-বিফল নিয়ে দুই দিকের তথ্য দেওয়া হয়েছে এবং এতে করে পাঠক নিজেই তার সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলে মনে করেন অধ্যাপক আনিসুজ্জামান।
এ বই সম্পর্কে অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, অজয় দাশগুপ্ত ৭০ বছরের ওপর হরতাল ও বাংলাদেশের রাজনীতি নিয়ে বইটি রচনা করেছেন। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল নাগাদ, ২০ বছর ধরে লেখক এ বইটি রচনা করেন।
গ্রন্থটিকে ‘তথ্যের ভাণ্ডার‘ অভিহিত করে তিনি বলেন, “এই বইটি মৌলিক কোনো কিছু না। কিন্তু আমাদের মতো যারা গবেষণার ক্ষেত্রে যুক্ত তাদের জন্য একটি বড় ধরনের কাজ। গবেষকদের জন্য অনেক সহজ করে দিয়েছেন।”
এই বই পড়ে সাধারণ পাঠক যেমন উপকৃত হবেন, একইসাথে যারা রাজনীতি ও আন্দোলন নিয়ে গবেষণা করতে চায় তারাও অনেক বেশি উপকৃত হবেন বলে মনে করেন তিনি।
ইংরেজি দৈনিক অবজারভার-এর সম্পাদক ইবকাল সোবহান চৌধুরী বলেন, “হরতাল একটি রাজনৈতিক অধিকার। ব্রিটিশ ভারতে হরতাল না হলে ভারত হয়ত মুক্তি পেত না। এ হরতাল যদি না হত আমরা বাংলাদেশ পেতাম না, রাষ্ট্রভাষা বাংলা পেতাম না। হরতাল না হলে স্বৈরশাসন, সামরিক শাসন থেকে হয়ত গণতন্ত্রে ফিরে আসতে পারতাম না।”
তবে জীবন রক্ষাকারী ওষুধের অপপ্রয়োগ হলে জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকে মন্তব্য করে তিনি বলেন, “হরতালে আমরা অরাজকতাও দেখেছি। হরতাল গণতান্ত্রিক অধিকার বলে আরেকজনের অধিকার খর্ব করতে পারে না, তখন সেই হরতাল আর হরতালে থাকে না। এই বিষয়গুলোও আমাদের বিবেচনা করতে হবে।”
‘সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি’ বইটি লেখার কারণ ব্যাখ্যায় অজয় দাশগুপ্ত বলেন, ১৯৯৮ সালে তৎকালীন বিরোধী দল বিএনপি-জামায়াত জোট থেকে টানা ৬০ ঘণ্টা হরতাল ডাকা হয়েছিল। সেই সময় ‘হরতাল না করার’ বিষয়ে ক্ষমতাসীন দল থেকে ঘোষণা আসে। তখন থেকেই তিনি হরতাল নিয়ে লিখতে শুরু করেন।
২০ বছরের চেষ্টায় বইটি প্রকাশ করতে পেরে যাদের কাছ থেকে তথ্যের সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান লেখক।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন অধ্যাপক রওনক জাহান। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, হামীম গ্রুপের মালিক ও সমকালের প্রকাশক এ কে আজাদ, নৌ পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসানও বক্তব্য দেন।
