২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফের আসামি ছিনতাইয়ের পরিকল্পনায়’ ছিলেন জঙ্গি রিপন

গাজীপুর থেকে আটক জেএমবি নেতা মামুনুর রশিদ রিপন ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের মত হলি আর্টিজান মামলার গ্রেপ্তার জঙ্গিদেরও আদালতে নেওয়ার পথে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 06:33 PM

Updated : 10 Oct 2022, 08:52 PM

পুরনো খবর:

গুলশান হামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার

হলি আর্টিজান মামলায় অভিযুক্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারের পর রোববার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ কথা জানান।

তিনি বলেন, কিছুদিন ভারতে কাটিয়ে দেশে ফিরে নব্য জেএমবিকে আবার সংগঠিত করার চেষ্টায় ছিলেন নিষিদ্ধ ওই দলটির শুরা সদস্য রিপন। দেশের কয়েকটি স্থানে নাশকতার পরিকল্পনাও সাজাচ্ছিলেন তিনি।

আড়াই বছর আগে বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া গুলশান হামলার ঘটনায় ছয়জনকে আইনশৃঙ্খলা বাহিনী বিচারের মুখোমুখি করতে পারলেও দুই জঙ্গি পলাতক ছিলেন। ৩১ বছর বয়সী মামুনুর রশিদ রিপন তাদেরই একজন। 

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসার সময় শনিবার রাত ১১টার পর গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে রিপনকে গ্রেপ্তার করে র‌্যাব।

রোববার ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে সবুজবাগ থানার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠান।

তার আগে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রিপনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন মুফতি মাহমদু খান। 

তিনি বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৮ সালের প্রথম দিকে আবার সক্রিয় হওয়া চেষ্টা করে রিপন। পুরনোদের অনেকে এখন আর নাই, কেউ কেউ আছে কারাগারে। জেএমবির বিভিন্ন গ্রুপকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছিলেন তিনি।

“তিনি বিশ্বস্ত আর আনুগত বলেই বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কোনো জঙ্গি হামলার জন্য মূল যে উপাদানগুলো প্রায়োজন- অর্থ, অস্ত্র, গোলা-বারুদ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেসব কাজ তিনি সুন্দরভাবেই করেছিলেন। এবার তিনি নতুনভাবে দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন, এ তথ্য আমাদের কাছে আছে।”

মুফতি মাহমুদ বলেন, পুরনো ও আত্মগোপনে থাকা জঙ্গিদের নিয়ে এই পুনর্গঠনের কাজটি করছিলেন রিপন। ওই পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় তারা নাশকতার ছক কষছিল বলে গোয়েন্দা তথ্য পায় র‌্যাব।

কিন্তু নির্বাচনের আগে সারাদেশে জেলা উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় জঙ্গিরা কিছু করতে পারেনি জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, “ভবিষ্যতে আরও একটি গুরুতর অপরাধের দিকে তারা যাচ্ছিল, সে তথ্য আমাদের কাছে আছে। ২০১৪ সালের মত আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে তাদের।”

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে জেএমবির তিন শীর্ষ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।

মুফতি মাহমুদ বলেন, “হলি আর্টিজানের মামলার শুনানি এখন হচ্ছে, আসামিদের বিভিন্ন কারাগার থেকে শুনানির দিন আদালতে নেওয়া হচ্ছে। একটি পরিকল্পনা করা হয় যে, বের করার সময় ২০১৪ সালের ত্রিশালের মত…।”

ত্রিশালের ঘটনাটি সে সময় জেএমবির জঙ্গিদের জন্য ‘একটি বড় টার্নিং পয়েন্ট’ ছিল মন্তব্য করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, “ওই ঘটনা তাদের পুনরুজ্জীবিত করে।”

Image
পলাতক অবস্থায় রিপনের এই ছবিটি প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী

পলাতক অবস্থায় রিপনের এই ছবিটি প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী

কে এই রিপন

র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, রিপনের বাড়ি বগুড়ার নন্দীগ্রামের শেখের মাড়িয়ায়। বাবার নাম নাছির উদ্দিন।

বগুড়া, নওগাঁ ও ঢাকার মিরপুরের কয়েকটি মাদ্রসায় লেখাপড়া করার পর ২০০৯ সালে রিপন চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসাতুল দারুল হাদিস থেকে কওমি মাদ্রসার সর্বোচ্চ ডিগ্রি ‘দাওরায়ে হাদিস’ পান।

বগুড়ায় সাইবার টেক নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করার পর ওই প্রতিষ্ঠানেই চাকরি শুরু করেন রিপন।ওই চাকরিতে থাকা অবস্থায় ২০১৩ সালে তিনি জেএমবির একাংশের আমির ডা. নজরুলের মাধ্যমে জঙ্গিবাদে জড়ান বলে জানানো হয় র‌্যাবের সংবাদ সম্মেলনে।

মুফতি মাহমুদ খান বলেন, “ডাক্তার নজরুল তখন তার সাংগঠনিক নাম দেন রিপন। সে আগে রশিদ নামেই পরিচিত ছিল। প্রাথমিকভাবে তাকে সংগঠনের জন্য চাঁদা আদায়ের দায়িত্ব দেওয়া হয়।”

ছিনতাইয়ের মাধ্যমে রিপন সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন জানিয়ে মুফতি মাহমুদ বলেন, “এ পর্যন্ত তিনটি ছিনতাইয়ের কথা তার (রিপন) কাছ থেকে জানা গেছে। এর মধ্যে বিকাশের ৬ লাখ টাকা, এক সিগারেটের বিক্রেতার কাছ থেকে এক লাখ টাকা এবং গাইবান্ধার এক ঘটনায় এক লাখ টাকা ছিনতাই করে সে।”

রিপন জেএমবির সাবেক আমির শায়খ আব্দুর রহমানের জামাই আউয়ালের ভাগ্নে। এ কারণেও দলে তিনি বেশ জনপ্রিয় এবং আস্থার পাত্র বলে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।

মুফতি মাহমুদ খান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, হলি আর্টিজান হামলার আগে রিপন প্রায় ৩৯ লাখ টাকা নব্য জেএমবির শীর্ষ নেতা সারওয়ার জাহানকে দিয়েছিলেন। হলি আর্টিজান হামলার পরিকল্পনা ও অস্ত্র সরবরাহের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।”

দেশের উত্তরাঞ্চলে জেএমবি নেতা রাজীব গান্ধীর নেতৃত্বে পরিচালিত বেশ কয়েকটি জঙ্গি হামলা রিপনের তত্ত্বাবধানে হয়েছিল জানিয়ে র‌্যাবের পরিচালক বলেন, “বিভিন্ন হামলার আগে তারা অনুশীলন করত। ২০১৬ সালের এপ্রিলে এ ধরনের একটি মহড়ার সময় দুর্ঘটনায় জেএমবির শুরা সদস্য ফারদিন ও তারিকুল ইসলাম জুয়েল নিহত হয়।”

তার তিন মাসের মাথায় ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় পাঁচ তরুণ। ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে তারা জবাই করে বা গুলি চালিয়ে হত্যা করে।

পরদিন কমান্ডো অভিযানে নিহত হন হামলাকারী পাঁচ তরুণ - রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

এছাড়া তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ার জাহান মালিক,  বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান বিভিন্ন অভিযানে নিহত হয়।

দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ২০১৮ সালের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বলা হয়, নব্য জেএমবির জঙ্গিরা ছয় মাস ধরে পরিকল্পনা করে ওই হামলা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশকে ‘অস্থিতিশীল’ করা, বাংলাদেশকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ বানানো।

আসামিদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে গতবছর ২৬ নভেম্বর আলোচিত এ মামলার বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান।

মামলার আসামিদের মধ্যে নব্য জেএমবির সদস্য জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগরকে আগেই গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

বাকি দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছিল। তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে সম্পত্তি জব্দেরও নির্দেশ দিয়েছিল আদালত।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা এতদিন বলে আসছিলেন, খালেদ ও রিপন পালিয়ে ভারতে চলে গেছেন বলে ধারণা করছেন তারা।

আর ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে আনন্দবাজার ২০১৭ সালের শুরুতে খবর দিয়েছিল, ‘আবু সুলেমান’ ও ‘বাংলার বাঘ টু’ ছদ্মনাম নিয়ে খালেদ ও রিপন পশ্চিমবঙ্গে জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছেন।

তাদের মধ্যে রিপনকে র‌্যাব গ্রেপ্তার করলেও খালেদের কোনো সন্ধান আইনশৃঙ্খলা বাহিনী এখনও পায়নি।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে হলি আর্টিজান মামলার আসামিদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে।