২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের টিকেট কেনায় এনআইডি নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনা

কালোবাজারি বন্ধে রেলের টিকেট কেনায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 04:30 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

রোববার রেলভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গত দশ বছরে রেলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়লেও টিকেট কালোবাজারি অর্জন নষ্ট করে দিচ্ছে।

“আমি চাই এটি বন্ধ হোক। এনআইডি ছাড়া যদি আমি টিকেট না করতে পারি তাহলে কমে যাবে।এ ডিভাইসের কাজ শুরু করা গেলে এটি ভালো উদ্যোগ হবে।”

এ বছরের শুরু থেকে এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ঢাকা-চট্রগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসের টিকেট কেনার পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করেছে রেলওয়ে। একটি এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বরের বিপরীতে চারটি টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

একটি নম্বর দিয়ে প্রতিদিন একবারই টিকিট সংগ্রহ করা যাচ্ছে। ১ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হলেও ১৫ জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টারেও সোনার বাংলার টিকেট কিনতে এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর দিতে হচ্ছে যাত্রীদের।

রেল পরিবহনে অভিযোগবিহীনভাবে সেবা দেওয়াকেই মূল চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, “চাহিদার সঙ্গে যখন বাস্তবতার সামঞ্জস্য না থাকে তখন টিকেট কালোবাজারি হয়।”

স্টেশন মাস্টারের জবাবদিহিতা নিশ্চিত করতে এনআইডি দিয়ে টিকেট কেনার পদ্ধতি শুরু করা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।

“ডিভাইসটা আমরা করতে চাচ্ছি, বাধ্যবাধকতা থাকলে স্টেশন মাস্টার টিকেট দিতে পারবে না, সিস্টেমটা তৈরি করতে হবে।”

আগামী সপ্তাহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী রেলভবনে আসবেন জানিয়ে তিনি বলেন, “রেলের সেবাটা আরো কিভাবে ডিজিটাল করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”

আগামীতে রেলের মেগা প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, “কথা কম, কাজ বেশি- এই নীতিতে থাকতে চাই।”