শৈত্যপ্রবাহ অব্যাহত
মাঘ মাসের চতুর্থ দিনেও দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আরও দুই-তিন দিন তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৭ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসে দেশে ২-৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি শৈত্যপ্রবাহ তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে।
