দুদকের এক অভিযোগপত্র নিয়ে আদালতের প্রশ্ন
অর্থ পাচারের একটি মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকার আদালতের এক বিচারক।
এই মামলাটিতে একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, তার ভাই একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম এবং একুশে টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ফাইন্যান্স) মো. ফজলুর রহমান আসামি।
বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ মো. শেখ গোলাম মাহবুবের আদালতে উঠেছিল মামলাটি।
দুদকের উপপরিচালক শামসুল আলম এই মামলার অভিযোগপত্র দিয়েছিলেন তিনজনের বিরুদ্ধে।
অভিযোগপত্রে তৃতীয় আসামি ফজলুর রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের কোনো স্পষ্ট অভিযোগ না দেখার পর তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনার আবেদন দেখে উষ্মা প্রকাশ করে বলেন, এ রকম অভিযোগপত্র হয় কী করে?
শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আসামিপক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন শেখ, শেখ বাহারুল ইসলাম অভিযুক্তদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।
প্রসিকিউটর জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, “আইনগত প্রশ্ন দেখা দিয়েছে, তার (ফজলুর) বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে কি না, এ বিষয়ে আরও শুনানি গ্রহণ করতে চেয়েছেন বিচারক।”
জামিনে থাকা সালাম ও তার ভাই আশরাফুল শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ১৩ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক সামছুল আলমই মামলাটি করেন। গত বছরের ৮ এপ্রিল তিনিই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলার এজাহারে বলা হয়, সালাম কারাগারে থাকাকালে অবৈধভাবে একুশে টিভির ২৬ লাখ ৭০ হাজার টাকা তুলে আশরাফের মাধ্যমে ৩০ হাজার ইউরো মুদ্রা কেনেন। তার মধ্যে ১০ হাজার ইউরো জার্মানিপ্রবাসী কাকন নামে তার এক ভাইয়ের কাছে পাঠান। বাকি ২০ হাজার ইউরো ফজলুরের শাশুড়ির বাসায় রাখা হয়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর র্যাব অভিযান চালিয়ে ওই ২০ হাজার ইউরো উদ্ধারের পর তদন্তে নামে দুদক। পরে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, এজাহারভুক্ত আসামি ফজলুর লিখিতভাবে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। নিয়োগকর্তার নির্দেশে ইউরো ক্রয় ও সংরক্ষণ করার কথা বলেন তিনি।
