পোশাক শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে মিছিল-সমাবেশ
পোশাক শ্রমিক সুমন হত্যার বিচার ও শ্রমিকদের ‘ন্যায্য’ মজুরির দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সরকার ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ চালিয়ে শ্রমিক আন্দোলন দমন করতে চায় বলেও অভিযোগ করেন বাম জোটের নেতারা।
হত্যা নির্যাতন করে শ্রমিকদের বাঁচার আন্দোলন নস্যাৎ করা যাবে না এবং ‘শ্রমিকের বুকে গুলি চালিয়ে’ সরকার মালিকপক্ষকে শেষ রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।
তারা অভিযোগ করেন, ‘ভোট ডাকাতি ও জালিয়াতি করে’ এ সরকার গঠিত হয়েছে। সরকার গার্মেন্ট মালিকদের মতো আচরণ করে শ্রমিকদের আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ হিসাবে আখ্যায়িত করছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে ন্যায্য আন্দোলন দমন করতে চাইছে।
গার্মেন্ট শ্রমিক সমুন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, আহত গার্মেন্ট শ্রমিকদের উপযুক্ত চিকিৎসার দাবি জানান বাম জোটের নেতারা।
কোনো টালবাহানা না করে শ্রমিকদের বকেয়া মজুরি অনতিবিলম্বে পরিশোধের জন্যও মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের নেতা সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, বজলুর রশীদ ফিরোজ, মোশাররফ হোসেন নান্নু, তাসলিমা আকতার ও মমিনুর রহমান মমিন।
