ইকসল ফুডের এমডিকে আত্মসমর্পণের নির্দেশ
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় মেসার্স ইকসল ফুড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক পরে সাংবাদিকদের বলেন, গত বছরের ১৫ মে হাই কোর্ট সাইফুল ইসলামকে জামিন দিয়ে রুল জারি করেছিল।
পরে ১৫ জুলাই আপিল বিভাগ দুদকের আবেদনে হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে সাইফুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
“কিন্তু আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ করেননি সাইফুল ইসলাম। আজ হাই কোর্টের রুলটিও রুলও খারিজ হয়ে গেল। ফলে আত্মসমর্পণ তাকে করতেই হবে। আর আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি পলাতক হিসেবে বিবেচিত হবেন।”
স্বাক্ষর ছাড়া আবেদনের মাধ্যমে বেসিক ব্যাংকের বংশাল শাখা থেকে ঋণ নিয়ে সুদে আসলে ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৯৮৭ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ৬ ডিসেম্বর এ মামলা করে দুদক।
বংশাল থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের দায়ের করা এ মামলায় তিনজনকে আসামি করা হয়।
ইকসল ফুড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ছাড়া বাকি দুই আসামি হলেন কোম্পানির চেয়ারম্যান আতাউর রহমান এবং বেসিক ব্যাংক বংশাল শাখার ম্যানেজার মো. সেলিম।
