সোনার বারের লোভ দেখিয়ে প্রতারণা: গ্রেপ্তার ৩
আটক সোনার বার নিলামের মাধ্যমে পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খন্দকার ফারুক (৫২), ইলিয়াস ওরফে নুর ইসলাম সরকার (৩৮) এবং সাইফুল ইসলাম (৩০)।
এদের মধ্যে ফারুক ‘ওমর মবিন’ নাম নিয়ে সহকারী কাস্টমস কমিশনার পরিচয় দিতেন বলে পুলিশ জানিয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস এন্ড হোমিসাইডাল স্কোয়াড) সৈয়দা জান্নাত আরা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, এই তিনজনকে বুধবার বেইলী রোডে নবাবী ভোজ রেস্তোরাঁর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ওমর মবিন নামে ভুয়া ভিজিটিং কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা ও প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও জব্দ করেছে সিআইডি।
জান্নাত আরা বলেন, বিভিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা আদায় করছে এক ব্যাক্তি। এরই সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এক ব্যক্তি সিআইডি কার্যালয়ে এসে খন্দকার ফারুককে ওমর মবিন হিসেবে শনাক্ত করে বলেন, এই ব্যক্তি নিলামে সোনার বার তাকে কম দামে পাইয়ে দেবে বলে গত ৬ জানুয়ারি ২৪ লাখ টাকা নিয়েছিল।
ফারুকের মোবাইল ফোন থেকে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য উদঘাটিত হয়েছে জানিয়ে জান্নান আরা বলেন, এসব বিষয়ে সিআইডি অনুসন্ধানে নেমেছে।
