২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় এক কিশোরের ছুরিতে আরেকজন নিহত

রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোরের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 04:18 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

নিহত কিশোরের নাম সৌরভ (১৬)। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, দুপুরে ইয়ানুছ নামের ১২ বছর বয়সী এক কিশোর টয়লেটে গেলে সৌরভ বাইরে থেকে দরজা আটকে দেয়।

“পরে ইয়ানুছ বের হয়ে সৌরভের সঙ্গে ঝগড়ায় জড়ায়।”

ইয়ানুছের হাতে সে সময় একটি ছুরি ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা আলীম বলেন, “ঝগড়ার এক পর্যায়ে ইয়ানুছ ছুরি দিয়ে সৌরভের ঘাড়ে আঘাত করে। আহত অবস্থায় লাগলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, সৌরভ সিদ্দিক বাজারে একটি লন্ড্রির দোকানে কাজ করে। ওই দোকানে ইয়ানুছের ভাই ইউসুফও কাজ করে।

ইয়ানুছ চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে গতকাল ইউসুফের কাছে বেড়াতে এসেছে।

কিশোর ইয়ানুছকে থানায় নেওয়া হয়েছে।