২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্তগোলায় দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় পিকআপভ্যানের ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তির অপেক্ষায় ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 11:41 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

আফরোজা আক্তার (২৫) নামের ওই শিক্ষার্থী শনিবার রাতে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের নিচে দুর্ঘটনায় প্রাণ হারান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় আফরোজাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আফরোজার মামাতো ভাই শরীফুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজার বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাসা জুরাইন আইজি গেট কবরস্থান সড়কে।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যায়ে এমবিএতে ভর্তির সুযোগ পেয়েছিলেন আফরোজা, রোববার তার ভর্তি হওয়ার কথা ছিল।

স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, “ছাত্র পড়িয়ে বাসায় ফেরার জন্য পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন আফরোজা। এ সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।”

শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন,  পিকআপটি শনাক্ত করার চেষ্টা করছেন তারা।