২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাই কমিশনার শ্রিংলার বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 04:40 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

বৃহস্পতিবার বিকালে বিদায়ী ভারতীয় দূত বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতে রাষ্ট্রপতি সফলতার সাথে মেয়াদ শেষ করায় হাই কমিশনার শ্রিংলাকে ধন্যবাদ জানান।

তার দায়িত্ব পালনকালে দেই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ক বহুপাক্ষিকভাবে বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ-ভারত বিরাজমান সম্পর্ক ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালনকালে নতুন উচ্চতায় গিয়েছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। তুলনামূলক সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারিত হবে।”

সাক্ষাতে হাই কমিশনার বলেন, ভারত বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে সব সময় আগ্রহী। সরাসরি রেল, সড়ক ও নৌ যোগাযোগ বৃদ্ধির ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাণিজ্য-বিনিয়োগ বেড়েছে।

শ্রিংলা বলেন, দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ছে।

দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।