মাদক কারবারি-দুর্নীতিবাজের স্থান হবে না: শেখ হাসিনা
অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি ও দুর্নীতিবাজের স্থান হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল জয়ে বুধবার গণভবনে সামরিক-বেসামরিক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ মন্তব্য করেন।
“বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারব।”
রোববারের জয়ের পর টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্ব সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।
বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচনে জেতাকে আরেকটি বিজয় উল্লেখ আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “এই যে দায়িত্বটা পেলাম, সকলেরই সহযোগিতা কামনা করি যে, দেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি। আমি মনে করি, সকলের সমর্থন পেয়েছিলাম বলেই আজকে আমরা জয় লাভ করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারব।”
নির্বাচনে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
