২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি-জমি দখলের মামলায় জাফরুল্লাহর জামিন

হত্যার হুমকি দিয়ে জমি দখলের অভিযোগে আশুলিয়া থানায় দায়ের করা এক মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের জামিন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2019, 09:34 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও রেজিস্ট্রার গোলাম মোস্তফা বাবু।

আদালতে আসামিদের পক্ষে জামিন শুনানি করেন বিএনপি সমর্থক আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। শুনানিতে তিনি বলেন, “মামলাটিতে হাই কোর্ট তাদের জামিন দিয়েছেন। আসামিরা জামিনের অপব্যবহার করেননি। তাদের জামিন বহাল রাখার আবেদন করছি।”

এ সময় রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের জামিনের আদেশ দেন।

এ মামলায় গত ২৫ অক্টোবর আসামিরা আত্মসমর্পণ করলে হাই কোর্ট তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করে ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরপর আসামিরা গত ২০ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। কিন্তু নিম্ন আদালতে তখন অবকাশকালীন ছুটি থাকায় আদালত ১ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত আসামিদের জামিনে থাকার আদেশ দেয়।

নাছির উদ্দিন নামে এক ব্যক্তি গত ২৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ করা হয়, ২০১২ সালের ৩ অক্টোবর আসামিরাসহ অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনকে নিয়ে আশুলিয়া থানার বাঁশবাড়ি মৌজার বাদীর ১৩.২৫ শতাংশ সম্পত্তি দখল করে নেয়। সংবাদ পেয়ে বাদী এবং তার পরিবারের লোকজন সেখানে গিয়ে অবৈধ অন্যায় কাজে বাধা দিলে তাদের খুন-জখমের হুমকি দেওয়া হয়।

“পরবর্তীতে জমির কাছে গেলে হত্যা করে লাশ জমির মধ্যে দাফন করে রাখার ভয়-ভীতি প্রদান করে। এছাড়া বিবাদীরা জমিতে থাকা গাছ-পালা কেটে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং একটি টিনশেড ঘর ভাংচুর করে এক লাখ ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।”

এটি ছাড়াও ডা. জাফরুল্লাহর চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। সবগুলো মামলায় তিনি হাই কোর্ট থেকে জামিনে আছেন।