২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তির আশায় নতুন বছরের যাত্রা

বছরের শেষে জাতীয় নির্বাচন গেল, আসছে নতুন বছর। নতুন বছরে নতুন সরকার গঠন হবে। ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। উত্তেজনা ছাপিয়ে নতুন বছরে স্বস্তির আশা সাধারণ মানুষের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2019, 01:43 AM

Updated : 08 Apr 2022, 03:39 PM

আওয়ামী লীগ বলছে, দেশের মানুষের জীবন-মান ও অবকাঠামোর উন্নয়নের কারণে ভরসা রেখেছে জনগণ।

অন্যদিকে ভোটের পর প্রথম কর্মসূচি নিয়ে আসছে ঐক্যফ্রন্ট; এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ফ্রন্টের প্রার্থীরা নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাচ্ছে।

দলীয় সরকারের অধীনে নিবন্ধিত ৩৯ দলের অংশগ্রহণের মধ্যে এ নির্বাচনের পর রাজনীতিতে এসেছে নতুন দৃশ্যপট।

ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাওয়ার পথে তৃতীয়বারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ।

দশম সংসদ নির্বাচন বর্জন পর এবার ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করেও বিএনপি-গণফোরাম পেয়েছে ৫টি আসনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে। দলের নেতৃত্বও সংকটে।

জাতীয় পার্টিও ধারাবাহিকতা ধরে রাখতে পারে নি।

ভোটের আগেই মানুষের মনে ছিল উত্তেজনার ছাপ। ভোটের দিনে শান্তিপূর্ণ ভোট হলেও কয়েকটি জেলায় সহিংসতায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

তবে নির্বাচনের পরও শান্তিপূর্ণ অবস্থা রাজনীতি নতুন দৃশ্যপটে প্রবেশ করছে বলা যায়।

নতুন বছররে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ খ্রিষ্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, একটানা ১০ বছর আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তৃণমূলের জনগণ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ।

তিনি জানান,  দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করার ক্ষেত্রে ২০১৮ সাল জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ছিল বাংলাদেশের জন্য সাফল্যময় বছর।