২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা না বলা বিএনপির ভুল: জাফরুল্লাহ

নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা না বলা বিএনপির ভুল হয়েছে বলে মনে করছেন তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 01:27 AM

Updated : 11 Oct 2022, 12:52 PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় জাফরুল্লাহ। বিএনপি সমর্থক পেশাজীবী হিসেবেও পরিচিতি রয়েছে তার।

নির্বাচনী প্রচারের শেষ দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডয়চে ভেলের ‘কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ইশতেহার নিয়ে ওই মন্তব্য করেন মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ।

বিএনপির আলাদা ইশতেহার দেওয়ার কথা ছিল না দাবি করে তিনি বলেন, সম্মিলিতভাবেই জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার দেওয়া হয়েছে।

বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার না থাকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা ভুল কাজ হয়েছে, আমার হিসেবে।”

এ বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার চলবে বলে তারা কথা দিয়েছেন।

একটু পরেই আবার তিনি বলেন, “সেটার একটু এদিক ওদিক যে হয়নি, সেটাও না।”

তবে একইসঙ্গে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আব্দুল কাদের মোল্লা এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন জাফরুল্লাহ চৌধুরী।

ডয়চে ভেলের সাংবাদিক যুবায়ের আহমেদের সঞ্চালনায় আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেনিন, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী অংশ নেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “উনি গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন চেয়েছেন। কিন্তু কেবল গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন গ্রহণযোগ্য না। প্রবৃদ্ধিকে যে উনারা ব্যবহার করছেন, প্রবৃদ্ধি হচ্ছে অসম প্রবৃদ্ধি। বৈষম্য বেড়েছে।“

বঙ্গবন্ধু গণতন্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও এখনকার আওয়ামী লীগ নেতৃত্ব তা করছে না বলে মন্তব্য করেন তিনি।

“এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানুষকে অবজ্ঞা, হয়রানি করে।”

নির্বাচনের আগে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, উনি বলেছিলেন, তফসিল ঘোষণার পর কাউকে অ্যারেস্ট করা হবে না। পুরানো মামলাগুলো স্থগিত করা হবে। কিন্তু আপনারা দেখছেন নিত্য নতুন গায়েবি মামলা।”

সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা নুহ-উল-আলম লেনিন বলেন, “ডেমোক্রেসিতেই খায়। অন্য জায়গায় খায় না। ডেমোক্রেসিতো একটা ট্রাভেল, অব্যাহত প্রক্রিয়া।… সামগ্রিকভাবে যদি বিবেচনা করি, গণতন্ত্রের যে প্রাণ প্রতিষ্ঠা.. সেটা বাংলাদেশে আওয়ামী লীগ করেছে।“  

গত দুই মেয়াদে ব্যাংকসহ নানা খাতে দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুক্তবাজার অর্থনীতি করব, আর সেখানে দুর্নীতি হানড্রেড পার্সেন্ট দূর করব- সেটা এখনো সম্ভব হয়ে ওঠে নাই। মুক্তবাজার অর্থনীতির সুযোগে অর্থনীতির ক্ষেত্রে কতোগুলো দুর্নীতি ঘটেছে। এটা কেউ অস্বীকার করে না।”

ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ না পেছানোর বিষয়ে লেনিন বলেন, “বিএনপি যেহেতু নেগেটিভ পলিটিক্স করেছে সেজন্য তাদের প্রস্তুতিটা হচ্ছে যে, যেভাবেই পারুক এমন একটা পরিস্থিতির সৃষ্টি করো, যে পরিস্থিতিতে ভোট হবে না, তৃতীয় কোনো পক্ষ শক্তি এসে হয়ত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে অথবা ঘোলা পানিতে মাছ শিকার করা।”

নির্বাচনের আগে বিরোধী দলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, “আর্মির মেজররা গেছে আমার নিজের ইউনিয়নে চেয়ারম্যানকে গিয়ে বলছে, এই আপনাদের এইখানে বিএনপির ই নাই কেন?.. পোস্টার। কয় স্যার আমরা কী করে বলব? তারা লাগায় নাই, আমরা তো কোনো পোস্টার উঠাই নাই। লাগাইলে না উঠাব!”

জবাবে জাফর উল্লাহ চৌধুরী বলেন, “আমরা চেয়েছি সেনাবাহিনী আনার কথা, তারা কী করলেন? প্রায় এক হাজার প্লাটুন বিজিবি দিল। বিজিবি কি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের .. তারা বলে বলাতো যায় না, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) হুকুম না দিলেও উনাকে খুশি রাখার জন্য বাইরে দাঁড়ায়া থাকে, পুলিশ যায় ভেতরে, ঘরের ভেতরে অমুক আছে কি না।

“আজকের ঘটনা দেখে একটা জিনিসই প্রমাণ করছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন ব্যাপার… বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি।”

নির্বাচন ঘিরে প্রধান দুই রাজনৈতিক শিবির থেকে উন্নয়ন ও গণতন্ত্রের যে কথা বলা হচ্ছে, তা নিয়ে ভোটারদের মধ্যে সংশয় থাকছে বলে মন্তব্য করেন সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, “ঐক্যফ্রন্ট বা বিএনপির দাবি হচ্ছে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপিকে ভোট দিতে হবে। আমি বিএনপিকে ভোট দিলাম একজন ভোটার হিসেবে। কার কাছে আমার গণতন্ত্র রক্ষার দায়িত্ব দেব? ২০০১, ২০০৭ এ ২০১৩ থেকে ১৫ পর্যন্ত যে পেট্রোল বোমা, যুদ্ধাপরাধী, তাদের হাতে আমি গণতন্ত্র দিব? এই ডিলেমা কিন্তু আমার মধ্যে আছে। আমার মতো অনেক ভোটারের মধ্যে আছে যে, গণতন্ত্র অর্জনের চেয়ে গণতন্ত্র রক্ষা করা কঠিন।”

তিনি বলেন, “আওয়ামী লীগ কিন্তু গত ১০ বছরে উন্নয়নের যে চিত্রটা দেখি, তাহলে তারা এগিয়ে থাকবে। আবার মানুষের যে মৌলিক অধিকার, কথা বলা থেকে শুরু করে বা বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, তাদের যেটা অধিকার সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না। তো সেদিক থেকে দেখলে কিন্তু আবার মাইনাস পয়েন্টও আছে।

“কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তো এই নির্বাচনের সামনে এসে আওয়ামী লীগের সামনে প্রশ্নবোধক সেটা হচ্ছে জননিরাপত্তা।”

মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, “আমি যদি উভয় দলের নির্বাচনী ম্যানিফেস্টো এগুলো দেখি তাহলে মোটা দাগে দেখা যায় যে, আওয়ামী লীগ বলছে, আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাবাহিকতার জন্য জনগণ আমাদের ভোট দেবে।

“আর ঐক্যফ্রন্ট তারা জোর দিয়েছে যে, দেশের মালিক জনগণ কিন্তু তার মালিকানা প্রতিষ্ঠার জন্য যে ভোট দেওয়ার অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে… চাপ, মামলা, হামলা- মানে দলীয় ও রাষ্ট্রীয়, সরকারি প্রশাসন, পুলিশ তারা চাপাচাপি।

“উন্নয়ন ও গণতন্ত্র আমি যদি কোনো এক জায়গায় উন্নয়ন ও গণতন্ত্র একই সাথে পেতাম তাহলে আমার ভোট দেওয়া নিয়ে সংশয় থাকত না। আমি মনে করি, এর কোনোটাই এককভাবে ভোট চাওয়ার জন্য যথেষ্ট নয়।”