২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

একাদশ সংসদ নির্বাচনের আগে নিজের কার্যালয়ের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 07:57 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি থাকি বা না থাকি, আপনাদের কাছে আবেদন এটাই থাকবে, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, কারণ আপনারা সরকারি কর্মচারী। আপনাদের বেতন-ভাতা বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই হয়। কাজেই তাদের সেবা করা, কল্যাণ করা, আপনাদের দায়িত্ব।”

আগামী রোববার একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। তার আগের দুদিন সাপ্তাজিক ছুটি হওয়ায় রোববারই ছিল শেষ কার্যদিবস।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী ও তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বেগম নাসরিন আফরোজ, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রীত্ব, এটা একটা দায়িত্ব পেয়েছি। কাজ করার সুযোগ পাই এর মাধ্যমে। দেশের কল্যাণ করার একটা সুযোগ পাই। সেটাই আমার কাছে বড়।”

সরকারের ধারাবাহিকতা থাকার উপর জোর দিয়ে তিনি বলেন, “১০ বছর একটানা থাকায় অনেক কাজ করে যেতে পেরেছি। এখনও বহু কাজ বাকি। সেটাও নির্ভর করে বাংলাদেশের জনগণের ওপর। আগামী ৩০ তারিখে যদি তারা ভোট দেয়, তাহলে আবার আসতে পারব এবং কাজগুলো শেষ করতে পারব।

“আমার সৌভাগ্য যে, আমরা দ্বিতীয়বার আসতে পেরেছি। তাই আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আজ দৃশ্যমান হয়েছে। আমাদের এই শাসনামলে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের জীবনমানের পরিবর্তন হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি একথা সবসময় চিন্তা করি যে, আমার বাবা এদেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। তার মনে যে আকাঙ্ক্ষা ছিল মানুষকে নিয়ে, সেই আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করে যেতে পারি। যেন তার আত্মা শান্তি পায়।

“বাংলাদেশের মানুষ আজ আর কষ্টে নেই, তারা দুবেলা পেট ভরে খেতে পারছে।”

দেশের আর্থসামাজিক উন্নয়নসহ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “আমরা নির্বাচনী ইশতেহারে প্রতেকটি গ্রামকে শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছি। যাতে সব ধরনের নাগরিক সুবিধাগুলো গ্রামের মানুষ পেতে পারে।”

কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতার কয়েকটি পঙক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ/প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল? এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার।”