টাঙ্গাইল-৪: লতিফ সরায় নৌকার পালে হাওয়া, ‘ভয়ে’ ধানের শীষ কর্মীরা
লতিফ সিদ্দিকী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় টাঙ্গাইল-৪ আসনে জয়ের বিষয়ে আরও আশাবাদী হয়ে উঠেছেন নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা। অপরদিকে পুলিশি ধরপাকড়ে প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
কালিহাতি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইলের এই আসনে কয়েক দফায় আওয়ামী লীগের সাংসদ হওয়া লতিফ সিদ্দিকী শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলেন। হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের জন্য ২০১৪ সালের শেষ দিকে দলীয় পদ ও মন্ত্রিত্ব হারানো লতিফ এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠেও সাড়া ফেলেছিলেন লতিফ সিদ্দিকী। কিন্তু ১৬ ডিসেম্বর ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ার পর ভাঙা গাড়িগুলো নিয়ে রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও অনশনে যান তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়ার এক পর্যায়ে ঢাকা আনা হয় তাকে। সুস্থ হয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ না থাকার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকীর পোস্টার দেখা গেলেও তিনি আর ভোটে নেই
এখানে নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাছান ইমাম খান (সোহেল হাজারী) বর্তমান সাংসদ। লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারানোর পর উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তিনি।
তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিএনপির ধানের শীষ নিয়ে লড়ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক-শ্রমিক-জনতা লীগের মো. লিয়াকত আলী। এছাড়া জাকের পার্টির মোন্তাজ উদ্দিন গোলাপ ফুল, ইসলামী আন্দোলনের মির্জা আবু সাঈদ হাতপাখা, জাতীয় পার্টি-জেপির সাদেক সিদ্দিকী বাইসাইকেল এবং জাতীয় পার্টির সৈয়দ মুশতাক হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে এখানে নির্বাচনী লড়াইয়ে আছেন।
নৌকার পাশাপাশি ধানের শীষের পোস্টার দেখা গেছে বিভিন্ন জায়গায়
এলেঙ্গা থেকে বলধী বাজার হয়ে কোকডহরা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় নৌকার পাশাপাশি ধানের শীষের প্রার্থীর পোস্টার দেখা যায়। উৎরাইল বাজারে ধানের শীষের পোস্টার টাঙচ্ছিলেন কয়েকজন যুবক। নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে সরকারি সাদত কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, “এখানে কথা বলা নিরাপদ না।”
একটু সরে গিয়ে তিনি বলেন, “বিএনপির কর্মী-সমর্থকরা ভয়ে ভয়ে আছে। এই এলাকায় বিএনপির প্রাধান্য বেশি। তারপরও সবার সামনে নির্বাচন নিয়ে কথা বলাও সমস্যা। ধরপাকড় শুরু হইছে অনেক। আমাদের ইউনিয়নে যারা নেতৃস্থানীয় সাত-আষ্টজনরে ধরে নিয়ে গেছে।”
কালিহাতি এলাকায় বিএনপির অনেক ভোট থাকলেও তা ‘কেড়ে নেওয়া হয়’ বলে দাবি করেন এলেঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চিনামুড়া এলাকার একজন বিএনপি কর্মী। তার দাবি, সুষ্ঠু ভোট হলে এ আসন থেকে বিএনপি জয়ী হবে।
“যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে বিএনপি যাবে। কিন্তু এর আগের নির্বাচনও এমুনভাবেই হইছে। চর এলাকায় ব্লক দিয়া দিয়া সব নিয়া গ্যাছেগা। এগোরে সাথে শক্তি খাটায়া বিএনপি পারে না। এইখানে হইল, জোর যার মুল্লুক তার। এইবারও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর লোকজন এলাকায়ই ঢুকতে পারে না। নাম জানতে চায়া বিপদে ফেইলেন না। এখন খুব ভয় পাই, বয়স হইয়া গেছে তো। আগে ভয় পাইতাম না।”
প্রচারে আছে লাঙ্গলও
“আওয়ামী লীগের এমপিও নতুনই, আগে উপজেলা চেয়ারম্যান আছাল। রাস্তাঘাট কাজকামের জন্য ডাকলে হ্যারে পাওয়া যায় আরকি। কিন্তু বিএনপিরে নামতে দেয় নাই। এ্যাডা অইল চাল। সরকার চায়, ক্ষমতায় থাকপার।”
তবে মসিন্দা গ্রামের আওয়ামী লীগ কর্মী আবদুল মান্নান শিকদার মনে করেন, ধারাবাহিক উন্নয়নের ফলে তাদের এলাকায় নৌকার প্রার্থীই বিজয়ী হবে।
সোমবার সন্ধ্যায় চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সভার প্রস্তুতি চলছিল। সেখানে হাসমত আলী নামে একজন কর্মী বলেন, আওয়ামী লীগ দেশের ‘ব্যাপক উন্নয়ন’ করেছে। তাই তারা জয়ী হবেন। আর লতিফ সিদ্দিকী সরে যাওয়ায় আওয়ামী লীগের ‘জয় আরও সহজ’ হয়েছে।
“লতিফ সিদ্দিকী মাঠে থাকলে পাশ করতে কিছুটা কষ্ট হত। কিন্তু হ্যায় যাওয়াতে একটু সহজ হয়্যা গেছে আমাদের ক্যান্ডিডেটের জন্য।”
বল্লা ইউনিয়নের বলদকুড়া গ্রামের আলী হোসেন বলেন, এখানে ধানের শীষ প্রতীকে কোনো বিএনপি নেতাকে মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের জন্য সুবিধার হয়েছে।
“এই আসনে বিএনপির চারজন মনোনয়ন চাইছিল। কিন্তু আওয়ামী লীগ থিকা না পাইয়া কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়াই নমিনেশন বাগাইয়া নিছে লিয়াকত আলী। এইটা বিএনপির অনেকেই সহজে নেয় নাই। অনেক নেতাকর্মী তার জন্য কাজ করছে না। এইডা আওয়ামী লীগের জন্য ভালো।”
এখানে ধানের শীষ প্রতীকে বিএনপির কোনো নেতা না থাকায় তাদের ‘ক্ষতি’ হয়েছে বলে মনে করছেন পাঠন্দ গ্রামের অটোরিকশা চালক আবদুর রশিদও।
“আমাগের কালিহাতি থানায় বিএনপি বেশি। ধানের শীষ তো আসল লোকেরে নমিনেশন দেয় নাই। কাদের সিদ্দিকীর লোকেরে দিছে। হেডাই গ্যাঞ্জাম বাজাইব।”
তবে কালিহাতি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বলছেন, ঐক্যফ্রন্ট থেকে কৃষক-শ্রমিক-জনতা লীগের লিয়াকত আলীকে প্রার্থী করায় ধানের শীষের ভোট কমবে না।
“ভোটের মাঠে আমরা পিছিয়ে নাই। ভোটের মাঠে যথেষ্ট আগানো। আমরা সবাই ধানের শীষের জন্যই কাজ করছি। তবে লতিফ সিদ্দিকী থাকলে আওয়ামী লীগ আরও খারাপ অবস্থায় থাকত। তিনি দ্বিতীয় হতেন, আওয়ামী লীগ থার্ড হইত।”
গণসংযোগে ধানের শীষের প্রার্থী লিয়াকত আলী
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিথ্যা বলে লাভ নেই, আমি প্রশাসন থেকে মোটামুটি সহযোগিতা পাচ্ছি। কিন্তু কালিহাতি থানার ওসি এবং কয়েকজন এসআই সরাসরি সোহেল হাজারীর পক্ষে কাজ করছে। তাদের কারণে আমাদের নেতাকর্মীরা ভয়ে আছে। এমনও হয়েছে মিথ্যা মামলা দিয়ে বাড়ির দরজা ভেঙে ধরে নিয়ে আসছে। ডিসি, এসপি তাকে বলে, কিন্তু ওসি সেভাবে কাজ করে না।”
এছাড়া আওয়ামী লীগের লোকজন তার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে অভিযোগ করে ধানের শীষের প্রার্থী বলেন, “তারপরও আমি আশাবাদী, আমার নেতাকর্মীরা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, যদি ভোট দিতে পারে তাহলে আমিই জয়ী হব”
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারী বলেন, “ধানের শীষের প্রার্থীর লোকজনকে কোনো হামলা- মামলা করা হচ্ছে না।”
সোমবার কোকডহরা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারী। সেখানে আলাপচারিতায় নির্বাচনে জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন তিনি।
নির্বাচনী সভায় নৌকার প্রার্থী সোহেল হাজারী
লতিফ সিদ্দিকীর নির্বাচন থেকে সরে যাওয়াটা ‘রাজনৈতিক নয়, ব্যক্তিগত’ বলেও দাবি করেন সোহেল হাজারী।
“তিনি ওই এলাকায় জমি অধিগ্রহণ করেছেন, কিন্তু লোকজনের টাকা বুঝিয়ে দেননি। তিনি নির্বাচনী প্রচারণায় গেলে এলাকার মানুষ টাকা দাবি করে। তিনি বাজে মন্তব্য করলে লোকজন ক্ষিপ্ত হয়ে ঢিল মারলে তার গাড়ির গ্লাস ভেঙে যায়। এটাকে তিনি রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা নিতে চেয়েছিলেন।”
গত ১৬ ডিসেম্বর দুপুরে কালিহাতির গোহালিয়াবাড়িতে গাড়িবহরে হামলার জন্য সোহেল হাজারীর অনুসারীদের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন লতিফ সিদ্দিকী।
