বিএনপি নেতা ভিপি হানিফ রিমান্ডে
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ ওরফে ভিপি হানিফকে জিজ্ঞসাবাদের জন্য একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ইলিয়াস মিয়া বৃহস্পতিবার তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই খায়রুজ্জামান সিকদার ভিপি হানিফকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমর্কর্তা এসআই মাহমুদুর রহমান জানান।
বুধবার বিকালে ঢাকার মগবাজারে নিজের বাসা থেকে হানিফকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তার বিরুদ্ধে মামলায় বলা হয়, গত ৮ নভেম্বর ২০ দলীয় ঐক্যজোট ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রমনা মডেল থানার রমনা পার্কের রমনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে ব্যানার, লাঠিসোঁঠা, ইট-পাটকেল, লোহার রড নিয়ে সমবেত হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে তারা ৪-৫টি গাড়ি ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে।
“পুলিশ তাদের গাড়ি ভাংচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানালে সমবেত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।”
ওই ঘটনায় রমনা থানার এসআই বিজয় প্রসাদ দেবনাথ মামলাটি দায়ের করেন।
