গুজব বন্ধে কাজ চলছে: মনিরুল
নির্বাচন ঘিরে গুজব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘জাতীয় নির্বাচন: গুজব সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, “আশংকা করা হচ্ছে দেশি বিদেশি চক্র আগামী নির্বাচনে গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করবে। তারা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, মানুষের মনকে প্রভাবিত করে ভোটের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করবে।”
তাই সব ধরনের গুজব, অপপ্রচার ও সহিংসতা বন্ধে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তারপরও কোনো গুজব ছড়ানো হলে পুলিশ ও অন্যান্য মাধ্যমের উচিত হবে তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেওয়া, বলেন মনিরুল।
তিনি বলেন, গুজব বন্ধে দেশের প্রত্যেক জেলায় ও মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল গঠনের কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে কাজ করা হচ্ছে।”
গণমাধ্যমের প্রতি তিনি বলেন, “কোনো একটি ফেইক নিউজ কোনো একটি অনলাইন পোর্টাল বা টেলিভিশন অথবা সংবাদপত্রে প্রকাশ করা হল, একই নিউজ অন্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে ফিল্টারিং, রিচেক, ক্রসচেক ইত্যাদি করা দরকার। একজন করেছে তাই বলে ক্রসচেক না করেই আরকজন করবেন তা যেন না হয়।”
গোলটেবিল বৈঠকে আলোচক ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জিটিভি ও সারাবাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, চ্যানেল২৪ এর বার্তা প্রধান রাহুল রাহা, ইনডিপেনডেন্ট টিভির সিএনই আশীষ সৈকত, এসএটিভির সিএনই ফেরদৌস মামুন, মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের পরিচালক রিদওয়ান তুহিন প্রমুখ।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত আলোচনার সঞ্চালক ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ও এসএটিভির অ্যাসাইনমেন্ট এডিটর এমএম বাদশাহ।
