২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 11:23 AM

Updated : 19 Aug 2022, 02:58 PM

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “মুক্তিযুদ্ধে তারামন বিবির অংশগ্রহণ মুক্তিযোদ্ধাদের কাছে একটি উদাহরণ ছিল। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

শনিবার প্রথম প্রহরে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে নিজের বাড়িতে মৃত্যু হয় মুক্তিযোদ্ধা তারামন বিবির।

পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শোকবার্তায় স্পিকার বলেন, “বীরপ্রতীক তারামন বিবি ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমী । তার মৃত্যুতে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের এক অকুতোভয় বীরসেনানীকে হারাল।”

তারামন বিবি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট আর ডায়েবেটিসে ভুগছিলেন।

মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে তারামনকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু ১৯৯৫ সাল পর্যন্ত তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।

১৯৯৫ সালে ময়মনসিংহের একজন গবেষক প্রথম তাকে খুঁজে বের করেন। নারী সংগঠনগুলো তাকে ঢাকায় নিয়ে আসে। ওই বছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।