‘সব সমস্যার সমাধানের’ প্রলোভনে প্রবাসীর ৪২ লাখ টাকা নিয়ে গ্রেপ্তার
প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক করে দেওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছ থেকে ৪২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
গ্রেপ্তার মো. জুবায়ের আহমেদ সুমনের (২৭) গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার চকডোষ গ্রামে। ঢাকার ফার্মগেইটের একটি আবাসিক হোটেলের রিসিপশনে চাকরি করতেন তিনি।
হোটেল ইন্দ্রপুরী ইন্টারন্যাশনাল থেকেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান।
মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুমন তার সহযোগীদের নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলেছিল। তারা দীর্ঘদিন যাবত জ্বীনের বাদশা ও দয়াল বাবা সেজে বিভিন্ন সমস্যার সমাধানসহ লটারি, গুপ্তধন, জটিল রোগ থেকে মুক্তি, পাওনা টাকা আদায়, দাম্পত্য কলহ, ভালোবাসার মানুষকে বশে আনাসহ সকল সমস্যার সমাধান করতে পারে মর্মে বিভিন্ন হুজুরের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করে।
“পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে সেই সকল বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে টাকা নিয়ে তা আত্মসাৎ করে আসছে।”
সোহেল মোল্লা নামের একজন সিঙ্গাপুর প্রবাসী এই চক্রের খপ্পড়ে পড়ে ৪২ লাখ ২৫ হাজার টাকা খুইয়ে গত বছর ২২ জুলাই একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, ওই তিনজনের মধ্যে জাফর ও সাগর নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘চক্রের হোতা’ সুমনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, সুমনের নামে বোরহান উদ্দিন থানায়ও বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সালের একটি মামলায় তার পাঁচ বছরের সাজা হয়।
ফেরারি হিসেবে ঢাকায় এসে সুমন প্রতারণা চালিয়ে যান জানিয়ে তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে, মাসিক ২০ হাজার টাকার বিনিময়ে তৈয়বুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে সাপ্তাহিক ‘বর্তমান দিনকাল’ ও ‘চিত্রবাংলা’তে বিভিন্ন দরবার শরীফের নামে বিজ্ঞাপন দিয়ে সকল সমস্যার সমাধান করতে পারে মর্মে বিজ্ঞাপন প্রচার করত। ওই বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ ফোন করলে তাদের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিত।”
এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা প্রত্যাশা করেন সিআইডির ডিআইজি শাহ আলম।
তিনি বলেন, “আমরা মিডিয়ায় যা দেখি তা সত্য বলে মেনে নিই। এর মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষরাই নন, শিক্ষিত লোকজনও প্রতারিত হন।”
