২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের দ্বাদশ মৃত্যুবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 07:15 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবাষির্কী উপলক্ষে বুধবার আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, আলোকচিত্র প্রদর্শনী, ক্রোড়পত্র প্রকাশের আয়োজন করে।

বুধবার সকালে আজিমপুর কবরস্থানে মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করতে যান তার ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় সাবের হোসেন চৌধুরী, হাজী সেলিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আজিমপুর মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন তার বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন ঢাকা মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি হানিফ। তার শরীরে অসংখ্য স্প্লিন্টার বিঁধে। দুই বছর অসুস্থতা নিয়ে কাটিয়ে ২০০৬ সালের ২৮ নভেম্বর মারা যান তিনি।