২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার ছেলে-মেয়ের জামিনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

সম্পদের তথ্য না দেওয়ায় দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 05:21 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চে তাদের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে।

আবেদনকারী ভাই-বোনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালের মামলা ২০১৮ সালে এসে আগাম জামিন চাচ্ছে। আর আপিল বিভাগ আগাম জামিনের বিষয়ে যে নীতিমালার আওতায়ও পরে না। আদালত দুই পক্ষকে শুনে কাল আদেশের জন্য রেখেছেন।”   

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, সম্পদের তথ্য-বিবরণী চেয়ে দুদক ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন ও সারিকা সাদেককে আলাদা করে নোটিস দেয়।

নোটিসে তাদের নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে বা তাদের পক্ষে অন্য কোনো নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়।

কিন্তু তারা তা না দেওয়ায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম রমনা থানায় ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট মামলা করেন।

সে মামলায় দুদক সম্প্রতি অভিযোগপত্র অনুমোদন দেওয়ায় আগাম জামিন চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন ও সারিকা সাদেক।

এর আগে তারা দুদকের নোটিস চ্যালেঞ্জ করে রিট আবেদনও করেছিলেন; যেটি আদালতে খারিজ হয় বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক। 

একাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

পুরনো খবর:

বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোকাপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক