শিক্ষক নিবন্ধন পরীক্ষার ‘চূড়ান্ত’ ফল প্রকাশ
বেসরকারি বিদ্যালয় ও কলেজে শিক্ষক নিয়োগের প্রাথমিক যোগ্যতা অর্জনের পরীক্ষা ‘শিক্ষক নিবন্ধন’-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এনটিআরসিএর http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে।
এছাড়া মোবাইলে এসএমএস করেও উত্তীর্ণদের ফল জানিয়ে দেওয়া হবে।
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে স্কুল-২ পর্যায়ে ২৩টি করে এবং কলেজ পর্যায়ে ৩৫টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেওয়া শুরু করে।
আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। পরে স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
সবশেষ গত এপ্রিলে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
