প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ইউরোপীয় সংসদীয় একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
শনিবার সন্ধ্যায় ছয় সদস্যের প্রতিনিধি দল গণভবনে যায় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জিউসিপ্পে ফার্নান্দিনো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, “১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পর দেশে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হয়েছিল এবং এরপর দেশে দীর্ঘ সময় সামরিক শাসন ছিল। সে সময়কার সামরিক শাসকেরা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিভ্রান্ত করেছিল। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।”
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ইহসানুল করিম জানান, প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন এবং তারা এই উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
