২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে মশা নিধনে ছাত্রলীগ

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশা নিধনে নেমেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 11:29 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

ডেঙ্গু আক্রান্ত ছাত্রলীগ সম্পাদকের অবস্থা উন্নতির দিকে

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় মধুর ক্যান্টিন থেকে মশা নিধন অভিযান শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং হলগুলোর আশপাশে মশা মারার ওষুধ দেন তারা।

এ সময় সনজিত সাংবাদিকদের বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করবে। আমরা প্রতিটি হলে শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মী সভা করে যাচ্ছি। সেখান থেকে যে অভিযোগ-অসুবিধার কথা শিক্ষার্থীরা তুলে ধরেছেন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

“শিক্ষার্থীদের অভিযোগের মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে অসহনীয় মশার উপদ্রব। অনেকেই ডেঙ্গুতে আক্রান্তও হয়েছেন। তাই প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের দশটি মশা নিধক যন্ত্র দিয়ে সহায়তা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। শিক্ষার্থীরা আরও যেসব অসুবিধার কথা আমাদের কাছে তুলে ধরেছেন সবগুলো সমাধানে আমরা কাজ করে যাব।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের সমস্যার কথা জানতে এবং সেগুলো সমাধানের উপায় খুঁজতে সবগুলো হলে শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভার আয়োজন করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তাদের এই কর্মসূচি এখনও চলছে।

এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গত সোমবার জ্বরে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিতে হয় তাকে।

এডিস মশার মাধ্যমে ডেঙ্গুর জীবাণু মানুষের শরীরে আসে। ২০০১ সালে এই রোগে অনেক মানুষের মৃত্যু হয়। এরপর সচেতনতা বৃদ্ধিতে মৃত্যুর হার কমলেও ঢাকায় প্রতি বছর এ রোগে আক্রান্ত হন বহু মানুষ।