প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মহড়ার সময় ঢাকা থেকে উড্ডয়নের পর বিকাল ৩টার আগে আগে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন।
টাঙ্গাইলের মধুপুরে শুক্রবার প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়।
“আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।”
আইএসপিআর জানিয়েছে, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।
