২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে মিলাদুন্নবীর মিলাদে কামাল হোসেন

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2018, 03:00 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

বঙ্গভবনের দরবার হলে বুধবার দুপুরে এই মিলাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার কুশল বিনিময়ও হয়েছে।

Image
ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যান বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কামাল হোসেন।

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যান বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কামাল হোসেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল হোসেন এখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে জোট বাঁধা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা।

Image
ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যান বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কামাল হোসেন।

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যান বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কামাল হোসেন।

তার দল গণফোরাম ছাড়াও বিএনপি, আ স ম রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আবদুল কাদের সিদ্দিকীর দল কৃষক, শ্রমিক, জনতা লীগ রয়েছে এই জোটে।

যে সাত দফা দাবিতে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তার মধ্যে সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও ছিল।

ঐক্যফ্রন্ট ইতোমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছে, বিএনপির প্রতীক ধানের শীষ নিয়েই তারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।