শিশু আসামির পরিচয় প্রকাশের বিষয়ে স্টার সম্পাদকের ব্যাখ্যা তলব
শিশু আসামির নাম-পরিচিতি উল্লেখ করে সংবাদ প্রকাশের বিষয়ে ইংরেজি দৈনিক ডেইল স্টারের সম্পাদক মাহফুজ আনামের ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে হলফনামা আকারে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চে সোমবার রুলসহ এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়্যেদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি সংবাদ মাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
আইন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, আইন-আদালত-মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ডেইলি স্টারের সম্পাদককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোনো সংবাদ মাধ্যমে শিশু আদালতে বিচারাধীন কোনো মামলার শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি তুলে ধরা বন্ধে রোববার রিটটি করা হয়েছিল।
সেটির প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি একটা নির্দেশনা দিয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদককে।
“উনার পত্রিকায় গত ৫ নভেম্বর যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সেখানে শিশু আসামির নাম-পরিচিতি কেন ছাপা হয়েছে, ১৫ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”
সুমন বলেন, শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী ইচ্ছে করলেই কোনো সংবাদ মাধ্যম বা কেউ শিশু অপরাধী বা বিচারের সাথে সংশ্লিষ্ট কোনো শিশুর নাম, ঠিকানা, ছবি, পরিচিতি প্রচার বা প্রকাশ করতে পারবে না। এমন কোনো বর্ণনাও প্রচার-প্রকাশ করা যাবে না, যাতে শিশু অপরাধী বা বিচারের সাথে সংশ্লিষ্ট শিশুটির পরিচিতি স্পষ্ট হয়ে ওঠে।
“এমনকি শিশুর পরিচিতি তুলে ধরতে হলে, শিশু আদালতের অনুমতি নেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত ৫ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টার ‘বয় গেটস টেন ইয়ার্স ফর কিলিং ক্লাসমেটস’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। সে খবরে শিশু অপরাধীর পরিচিতি প্রকাশ করা হয়েছে; যা স্পষ্টত শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারার লঙ্ঘন।”
