২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োজনে বাধার ক্ষোভ নিয়েই চারুকলায় নবান্ন উৎসব

চারুকলা প্রাঙ্গণে নবান্ন উৎসবের আয়োজন করতে গিয়ে বাধাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য চারুকলা অনুষদ কর্তৃপক্ষ ও পুলিশের প্রতি ক্ষোভ জানিয়েছে নবান্ন উৎসব উদযাপন পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2018, 08:52 PM

Updated : 11 Oct 2022, 12:46 PM

পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশাহত, বিস্মিত ও ক্ষুব্ধ। এখন আমাদের ভেবে দেখার সময় এসেছে যে, আগামীতে আমরা এই উৎসব করব কি না।”

বুধবার চারুকলার বকুলতলায় উৎসবের প্রস্তুতির সময় থেকেই সমস্যা শুরু হয় বলে জানান নবান্ন উৎসব ১৪২৫ আয়োজক কমিটির আহ্বায়ক শাহরিয়ার সালাম।

Image
চারুকলার বকুলতলায় নবান্ন উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চারুকলার বকুলতলায় নবান্ন উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

Image
চারুকলা অনুষদের বকুলতলায় বৃহস্পতিবার গানে গানে নবান্নের আবাহন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চারুকলা অনুষদের বকুলতলায় বৃহস্পতিবার গানে গানে নবান্নের আবাহন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকেলে আমরা যখন বকুলতলায় স্টেজ করছি তখন ১৫-২০ জন ছেলে এসে বলল, এখানে কোনো উৎসব করা যাবে না।

“তাদের পরিচয় জানতে চাইলে বলল যে, তারা চারুকলার ছাত্র। আমরা চারুকলার ডীনের সঙ্গে যোগাযোগ করলাম; তিনি বললেন, এ ব্যাপারে তার কিছু করার নেই, আমরা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরে মাননীয় উপাচার্য ও প্রক্টরের হস্তক্ষেপে এর সমাধান হয়।”

শাহরিয়ার বলেন, “এরপর সকালে যখন আমরা অনুষ্ঠান শুরু করি, ৮টার দিকে পুলিশ এসে আমাদের পিঠার স্টলগুলো উঠিয়ে দেয়। আমরা কারণ জানতে চাইলে বলা হয়, এখানে স্টল করার অনুমতি নেই।

“গত বছর আমাদের পিঠার স্টলগুলো ছিল ভেতরে। তখন আমাদের বলা হয়েছিল- ভেতরে স্টল করার অনুমতি নেই, আমরা যেন বাইরে স্টল করি।”

Image
চারুকলার বকুলতলায় নবান্ন উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চারুকলার বকুলতলায় নবান্ন উৎসবে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বৃহস্পতিবার নবান্ন উৎসব উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বৃহস্পতিবার নবান্ন উৎসব উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

এরমধ্যে পুলিশের সঙ্গে কথা বলার সময় অনুষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান শাহরিয়ার। আধা ঘণ্টা পরে বিদ্যুৎ আসে বলে জানান তিনি।

“আমরা ভেতরে স্টল সরিয়ে আনতে চাইলে সেখানেও পুলিশ আপত্তি করে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, পিঠা এই উৎসবের একটা সিম্বল। এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। কিন্তু কোনো কাজ হয়নি।”

লায়লা হাসান বলেন, “প্রতিবারই নানা প্রতিবন্ধকতা আমাদের সহ্য করতে হয়। সহজে এখানে জায়গা পাওয়া যায় না। নানা ঝামেলা পোহাতে হয়। কিন্তু এ বছর যা হলো তা কখনো হয়নি। আমাদের দেশে কত অনিয়ম হচ্ছে, এটা তো একটা উৎসব। এখানে কেন এত আপত্তি উঠবে?”

Image
পয়লা অগ্রহায়ণের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদযাপিত হল নবান্ন উৎসব । ছবি: আব্দুল্লাহ আল মমীন

পয়লা অগ্রহায়ণের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদযাপিত হল নবান্ন উৎসব । ছবি: আব্দুল্লাহ আল মমীন

Image
অগ্রহায়ণের প্রথম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় নবান্ন উৎসবের শোভাযাত্রা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অগ্রহায়ণের প্রথম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় নবান্ন উৎসবের শোভাযাত্রা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

আয়োজনে নানা বাধার মুখে পড়েও অন্যান্য বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় সকাল ৭টা ১ মিনিটে বাঁশির সুরের মধ্য দিয়ে শুরু হয় নবান্ন উৎসব।

উৎসবের উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। এরপর একে একে আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সংঙ্গীত পরিবেশন শেষে সকাল ৯টায় বেরোয় শোভাযাত্রা।

এরপর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বেলা ১২টা পর্যন্ত।

উৎসবে সকালের আয়োজনে একক সঙ্গীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, আব্দুল ওয়াদুদ, আবু বকর সিদ্দিকী ও বিশ্বজিৎ রায়।

দলীয় সঙ্গীত ও নৃত্য পরিচালনা করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, ধৃতি নৃত্যালয়, আচিক, নটরাজ, নৃত্যজন প্রভৃতি সংগঠন। বিকালের আয়োজনে ছিল ঢাকঢোলের বাদ্য, বাউল গান ও পটগান।