খেলাধুলায় সাফল্যের জন্য চাই পরিকল্পনা: রাষ্ট্রপতি
ক্রিকেটের পাশাপশি অন্যান্য খেলার জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়ার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ক্রীড়ানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ১৭তম অল এশিয়া উন্মুক্ত ফুল কন্টাক্ট কারাতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “আসছে ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। সে সময় আমরা দেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে দেখতে চাই, তা এখনই নির্ধারণ করতে হবে। খেলাধুলার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হলে একটি সুসমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই।”
তিনি বলেন, “যে খেলাগুলোতে আমাদের অপার সম্ভাবনা রয়েছে, রয়েছে সোনালী ঐতিহ্য, সেগুলোকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকল ক্রীড়ানুরাগীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
“ক্রীড়াঙ্গনে স্থাপন করতে হবে সাফল্যের নতুন নজির, উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের মেয়েরা, যুব ফুটবলাররা ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যে দেশের জন্য বিরল সাফল্য বয়ে এনেছে।
“ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাংলাদেশের নৈপুণ্য বেশ প্রশংসনীয়। সরকার দেশের ক্রীড়া অবকাঠামো নির্মাণ, সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়নে অর্থ বরাদ্দসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি অনুষ্ঠানে বলেন, “মনে রাখতে হবে, আগামী প্রজন্মকে সুস্থ, সবল ও সুনাগরিক হিসেবে গড়তে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তরুণ-যুবদের অদম্য শক্তি, সাহস এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্রীড়াক্ষেত্রে বিশ্বদরবারে সাফল্য অর্জনে আমি দেশের ক্রীড়াবিদ, সংগঠকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এগিয়ে আসার আহ্বান জানাই।”
বাংলাদেশে ইন্টারন্যাশনাল কারাতে অরগানাইজেশনের প্রধান পৃষ্ঠপোষক দীপু মনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, ইন্টারন্যাশনাল কারাতে অরগানাইজেশনের পরিচালক খাৎসুহিতো গোরাই বক্তব্য দেন।
