সচিব হলেন দুই কর্মকর্তা, ৩ জন ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা জনপ্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
এছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. মিজানুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারকে ভারপ্রাপ্ত সচিব পদ মর্যাদায় বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর করা হয়েছে।
এছাড়া অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা করা হয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসাইনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক দিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন পেয়েছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব সৈয়দ আব্দুল মমিনকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
