জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক
বাংলাদেশের জাহাজ নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।
এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।
বুধবার বাংলাদেশে নিযুক্ত নতুন দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে নিজ নিজ পরিচয়পত্র জমা দিতে গিয়ে রাষ্ট্রপতি
আবদুল হামিদকে তাদের আগ্রহের কথা জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনের সঙ্গে সাক্ষাতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সহযোগিতার প্রশংসা করে তিনি আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা সম্প্রসারিত হবে।
দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন হামিদ।
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, পরিবেশ, জ্বালানিসহ বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে ডেনমার্কের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।”
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে নতুন দূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, তার দেশ বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
“ডেনমার্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়।”
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বাণিজ্য-বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন ড্যানিশ রাষ্ট্রদূত।
পরে গত মাসে ইরানের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ রেজা নফরও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র জমা দেন।
ইরানের দূতের সঙ্গে আলাপে রাষ্ট্রপতি বলেন, দেশটির সঙ্গে বাংলাদেশের ’অত্যন্ত ঘনিষ্ঠ’ সম্পর্ক রয়েছে।
‘এই সম্ভাবনাকে কাজে লাগাতে’ নিজ দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে উদ্বুদ্ধ করবেন বলে আশ্বাস দেন ইরানি রাষ্ট্রদূত।
এর আগে নতুন দুই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে ‘গার্ড অব অনার’ দেয়।
রাষ্ট্রপতির কাছে ছয় অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ
বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে আলাদা আলাদাভাবে নিজেদের পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ছয় দেশের অনাবাসিক রাষ্ট্রদূত।
নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
পরিচয়পত্র জমা দেওয়া অনাবাসিক দূতরা হলেন- অস্ট্রিয়ার ব্রিজিট ওপিনজার-ওয়ালশোফার, স্লোভাক রিপাবলিকের ইভান ল্যাস্কারিচ, উগান্ডার দিনাহ্ গ্রেস আলকেলো, পোল্যান্ডের অ্যাডাম বুরাকোশি, ঘানার মাইকেল অ্যারন নি নোর্টে ওকাই জুনিয়র, কাজাখস্তানের বার্লিবে সাডিকভ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতে নতুন রাষ্ট্রদূতদের বাংলাদেশে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি।
স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয়’ পররাষ্ট্র নীতি গ্রহণের কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণকে গুরুত্ব দেয় বলে জানান তিনি।
রাষ্ট্রদূতরা তাদের দায়িত্ব পালনকালে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
