বাসচাপা: গ্রিনলাইনের চালকের জামিন আবেদন নাকচ
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় প্রাইভেটকার চালক রাসেলের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রিনলাইন পরিবহনের বাসচালক কবির হোসেনের জামিন নাকচ করেছে আদালত।
শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এই আদেশ দেন বলে কবির হোসেনের আইনজীবী সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জানিয়েছেন।
এ মামলায় প্রথমে সবগুলো ধরা জামিনযোগ্য ছিল। পরে দণ্ডবিধির জামিন অযোগ্য ৩২৬ ধারা যুক্ত করা হয়।
গত ২৮ এপ্রিল ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
রাসেল একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়।
পরে গ্রিনলাইনের বাস এবং তার চালককে পুলিশ আটক করে।
ওই ঘটনায় রাসেল সরকারের বড় ভাই মো. আরিফ সরকার মামলা দায়ের করেন। সে মামলায় চালক কবির মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
