বিআরটিসির মূলধন বাড়ছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) মূলধন বাড়িয়ে নতুন একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার তার কার্যালয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনেুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৬১ সালের একটি আইন দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন পরিচালিত হচ্ছিল, ওই আইনকে হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে।
“আগে করপোরেশনের অনুমোদিত মূলধন ছয় কোটি টাকা ছিল। বলা ছিল, করপোরেশন সরকারের লিখিত অনুমোদন নিয়ে মূলধন বাড়াতে পারবে।
“নতুন আইনে করপোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ১০ টাকা মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে তা বিভিক্ত হবে।”
সুগারক্যান ইনস্টিটিউট আইনের নাম পরিবর্তন
সুগারক্যান ইনস্টিটিউট আইনের নাম পরিবর্তন করে নতুন একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
শফিউল বলেন, “শুধুমাত্র আখ নিয়ে গবেষণার জন্য ১৯৯৬ সালে সুগারক্যান গবেষণা ইনস্টিটিউট আইন হয়। কিন্তু আরও অনেক কিছু থেকে সুগার হতে পারে, এজন্য নাম পরিবর্তন করে সুগারক্যান গবেষণা ইনস্টিটিউট করা হচ্ছে।”
কমেছে জনশক্তি রপ্তানি, বেড়েছে রেমিটেন্স
বিদেশে জনশক্তি রপ্তানির হার কমলেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৭-১৮ অর্থ বছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
তাতে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জনকে বিদেশে পাঠানো হয়েছে, যা এর আগের অর্থবছরের চেয়ে ২৬ হাজার ৯২৬ জন কম। আর ২০১৬-১৭ অর্থবছরে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জনকে বিদেশে পাঠানো হয়েছিল।
২০১৭-১৮ অর্থবছরে বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো টাকার (রেমিট্যান্স) পরিমাণ ১৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের শ্রেণি থেকে উত্তরণের সব যোগ্যতা অর্জন করে এবং সামষ্টিক অর্থনীতি ও সামাজিক সূচকসমূহে ইতিবাচক অগ্রগতিসহ প্রবৃদ্ধির গতি ধারা অব্যাহত রেখেছে।”
শফিউল জানান, ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রপ্তানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
“মাথাপিছু জাতীয় আয় গত বছরের এক হাজার ৬০২ মার্কিন ডলার থেকে ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”
তিনি জানান, গত অর্থবছরে মোট ৪১ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭৫ শতাংশ।
২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। ২০১৭ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ২৩ দশমিক ১ শতাংশ, যা ২০১৮ সালে কমে ২১ দশমিক ৮ শতাংশ হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আগের অর্থবছরের চেয়ে ৪০ হাজার ৯৪৭ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে ২০১৭-১৮ অর্থবছরে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের (ইপিজেড ও নন-ইপিজেড) পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৫৮১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ বেশি।
ছয় বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা পাওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪৩ দশমিক ৫৫ শতাংশ অর্জিত হয়েছে। আর ৬ দশমিক ৩১১ বিলিয়ন ডলার অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ৯৯ দশমিক ৬৮ শতাংশ।
শফিউল জানান, ২০১৭-১৮ অর্থবছরের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের আওতায় নেওয়া সমাপ্তিযোগ্য ৩০০টি প্রকল্পের মধ্যে ২৭৩টির কাজ শেষ হয়েছৈ।
