মোহাম্মদপুরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রাজধানীর মোহাম্মদপুরের এক বাসার আগুন লেগে এক দম্পতি দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দগ্ধ দুজন হলেন- স্থানীয় আমিন ডেইরি ফার্মের ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল (২৬) এবং তার স্ত্রী সাজনা বেগম (১৮)। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুর গ্রামে। এক বছর আগে তাদের বিয়ে হয়।
রুবেলের ভাই এখলাস বিডিনিউজ টোয়্ন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও তার ভাই-ভাবি নবীনগর হাউজিংয়ের ওই বাসায় পাশাপাশি দুটি ঘরে ভাড়া থাকেন। ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়।
ভোর ৫টার দিকে বিকট শব্দের পর ধোঁয়া দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে রুবেল ও সাজনাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, সাইফুলের শরীরে ৯৭ শতাংশ ও তার স্ত্রীর ৭৫ শতাংশ পুড়ে গেছে।
