২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘পুরনো জেএমবির আমির’ নিহত

বগুড়ার শিবগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির পুরনো অংশের আমির বলছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 10:04 AM

Updated : 19 Aug 2022, 02:51 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলছেন, সোমবার রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাঁতী পুকুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনার পাড়ার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সুপার বলেন, “খোঁজখবর নিয়ে জানা গেছে, খোরশেদ পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির। সে সাংগঠনিকভাবে মাস্টার সামিল নামে পরিচিত ছিল।”

ঘটনার বিবরণে এই পুলিশ কর্মকর্তা বলেন, “রাত দেড়টার দিকে তাঁতী পুকুর এলাকায় একদল দুস্কৃতকারী

টহল পুলিশের উপর হামলা চালায় এবং গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।”

পরে সেখানে আনুমানিক ৩৬-৩৮ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক জানান।

খোরশেদ আহত অবস্থায় নিজের নাম পরিচয় বলে গেছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কন্সটেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি, কিছু পাউরুটি ও কলা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।