বঙ্গভবনে আবদুল হামিদের পছন্দের খাবারে সাংবাদিকদের আপ্যায়ন
ভাটি অঞ্চলের মানুষ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওরের মাছ দিয়ে বঙ্গভবনে আপ্যায়ন করলেন গণমাধ্যমকর্মীদের।
সোমবার বঙ্গভবনে সাংবাদিকদের জন্য আয়োজিত এই নৈশভোজে স্বভাবসুলভ হাস্যরসে পুরনো দিনের কথার ঝাঁপি খুলে বসেন তিনি। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কিল খাওয়ার’ কথাও উঠে আসে তার স্মৃতিচারণে।
এই নৈশভোজে বিভিন্ন গণমাধ্যমের হয়ে সরাসরি খবর সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকরা যেমন ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশনের কর্তাব্যক্তিরা। রাষ্ট্রপতির সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা প্রতিবেদকরাও ছিলেন এই অনুষ্ঠানে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এই নৈশভোজে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজে সভাপতি মোল্লা জালালসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাও ছিলেন আমন্ত্রিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি অংশ নেন এই নৈশভোজে, শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধানের সঙ্গে।
বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: প্রেস উইং,বঙ্গভবন
খাদ্য তালিকায় ছিল হাওরের আইড় মাছ, গুলশা টেংরা; তার সঙ্গে ছিল রূপচাঁদা মাছ, সবজি, মুগ ডাল, খাসির মাংস, সাদা ভাত। আর শেষে দই-মিষ্টি।
রাষ্ট্রপতিকে কাছে পেয়ে নানা কথায় মেতে ওঠেন সাংবাদিকরা। রাষ্ট্রপতির তার সংসদে বিভিন্ন দায়িত্ব পালনের সময় পরিচিত সাংবাদিকদের পেয়ে মেতে ওঠেন স্মৃতিচারণে। সাংবাদিকদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসীন আবদুল হামিদ তার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এটা কথার নয়, আমি মন থেকেই বলছি, আপনারা আসাতে আমি খুব আনন্দিত হয়েছি।”
‘বঙ্গবন্ধু কিল মারছিল’
বঙ্গভবনের দরবার হলে নৈশভোজের আগে বক্তব্য দেন রাষ্ট্রপতি। সাধারণত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়লেও এই আয়োজনে নিজের মতো করেই বক্তব্য দিয়েছেন আবদুল হামিদ।
বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: প্রেস উইং,বঙ্গভবন
এ প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, যখন প্রথম নির্বাচনে (১৯৭০ সালে) লড়েন, তখন তিনিই ছিলেন বিজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ।
স্বাধীনতার পর প্রথম সংসদে রিকশা নিয়ে ঢোকার কথাও বলেন আবদুল হামিদ।
“এমপিরা গাড়ি নিয়ে সংসদে যায়। আমি প্রথমবার রিকশা নিয়ে গেছিলাম। আটকাইয়া দিছিলো। আমি বলছিলাম, এমপি সাহেব যদি গাড়ির ড্রাইভার নিয়ে যেতে পারে তবে আমার রিকশার ড্রাইভার নিয়ে কেন যেতে পারব না?”
রিকশা নিয়ে যেতে না দেওয়ায় সেই সময় সংসদের বিশেষ অধিকার কমিটিতে অধিকার ক্ষুন্নের নোটিস দিয়েছিলেন আবদুল হামিদ। তিনি বলেন, সেই নোটিস তুলে নিতে তৎকালীন প্রধান হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন (বর্তমানে বিএনপি নেতা) অনুরোধ করলেও তা প্রত্যাহার করেননি তিনি।
আবদুল হামিদ বলেন, “প্রথমে বিশ্বাস করি নাই যে বঙ্গবন্ধু ডাকছে। পরে গেলাম। জিজ্ঞাস করল, নোটিস দিছি কি না? কইলাম দিছি। উডাইতে বললেও কইছি তুলুম না। পরে পিডের মধ্যে দিছে একটা কিল। দিয়া কইছে, তুই তোল, আমি দেখতাছি।”
আবদুল হামিদ জানান, পরে তিনি এক নিলামে ৫ হাজার টাকায় সেনাবাহিনীর পরিত্যক্ত একটি গাড়ি কেনেন।
