‘আইনের শাসনের অনুপস্থিতি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে’
সমাজে আইনের শাসনের অনুপস্থিতি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “সমাজে আইনের শাসনের অনুপস্থিতি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন বিষয়ে ব্যাপক জনসচেতনতা দরকার। এজন্য আইন শিক্ষার প্রসারের গুরুত্ব অনেক বেশী। আইনের শাসন সমুন্নত রাখতে বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্পিকার।
অনুষ্ঠানের প্রধান বক্তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক
মানুষের মৌলিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
“১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এর মাধ্যমে দেশে আইনের শাসনের পথ রুদ্ধ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার বাংলাদেশে আইনের শাসন সমুন্নত রাখতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “আইনের শাসন সমুন্নত রাখার মাধ্যমে দেশে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বিচারপতি সিকান্দার আলীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সৎ, বিনয়ী, উদার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে।”
সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য আইন বিভাগের এলএলবি তৃতীয় বর্ষ সম্মান শ্রেণির দুই শিক্ষার্থীকে দেওয়া হয় ‘বিচারপতি সিকান্দার আলী মেমোরিয়াল বৃত্তি’।
বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন- জয়ন্ত মৃধা এবং ইফাত সাদিয়া মীম।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই দুই শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন অনুষদের ডিন মো. রহমত উল্লাহ, ট্রাস্ট ফান্ডের দাতা সারওয়ার সুলতানা এবং আইন বিভাগের চেয়ারপার্সন নাইমা হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
