ভোট পর্যবেক্ষণে যুবসমাজকে চায় নাগরিক প্ল্যাটফর্ম
আগামী জাতীয় নির্বাচনে এক তৃতীয়াংশ তরুণ ভোটারের অংশগ্রহণ নিশ্চিতে তাদেরকে ভোট পর্যবেক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ৮৮টি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য্য এই সুপারিশগুলো তুলে ধরেন।
গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত যুব সম্মেলন থেকে এসব সুপারিশ এসেছে জানিয়ে তিনি বলেন, “নাগরিকের ভোটাধিকার নিশ্চিতে যুব সমাজ ভোট পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।”
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে যুব সমাজের সঙ্গে আলোচনা করে তাদের মতামত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয়।
“যুব সমাজের দাবি এবং প্রাধিকারসমূহ নির্বাচনী ইশতেহারে যথাযোগ্য গুরুত্ব দিতে হবে।”
নতুন সরকারের কর্মপরিকল্পনায় যুব সমাজের প্রত্যাশা ও প্রাধিকারের প্রতিফলন ঘটানোর সুপারিশ করে তিনি বলেন, “নতুন সরকারের বিভিন্ন নীতি ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়নে যুব সমাজের অংশগ্রহণ ও পরিবীক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে ১৪ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০: তারুণ্যের প্রত্যাশা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত যুব সম্মেলনের নানা দিক তুলে ধরা হয়।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “সম্মেলনে যুবসমাজ কোটা সংস্কারের বিষয় তুলেছিল। তারা স্পষ্ট করে বলেছে, আমরা কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি।”
কওমি মাদ্রাসার ডিগ্রিকে স্নাতকোত্তর মানের স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “তাদের একটি ডিগ্রিকে মাস্টার্সের সমমান ঘোষণা করা হয়েছে। কিন্তু সেটা কীভাবে বাস্তবায়ন হবে, আমার কাছে স্পষ্ট নয়। শুরু থেকে শেষ পর্যন্ত ইক্যুভ্যালেন্সি ফ্রেমওয়ার্ক করা দরকার, সেটা করা হয়নি।”
বেকারত্বের সঙ্গে মাদকাসক্তি ও জঙ্গিবাদের সম্পর্ক তুলে ধরে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে বলেন, “দেখা যায়, একটা যুবক বাবা-মায়ের টাকা খরচ করে পড়েছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এই বেকার যুবকদের একটা অংশ মাদকাসক্ত হয়ে পড়ে। আর এদেরকে দলে ভেড়ানোর জন্য ওত পেতে থাকে জঙ্গিরা।”
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “সম্মেলনে যুবসমাজের মধ্যে যারা প্রান্তিক পর্যায়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার বিভিন্ন সুপারিশ এসেছে। একই সঙ্গে যুবকদের মধ্যে যারা প্রতিবন্ধী বা নানা কারণে পিছিয়ে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার কথাও এসেছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, ব্যবসায়ী নেতা আসিফ ইব্রাহিম বক্তব্য দেন।
