শেখ হাসিনা নারী ক্ষমতায়নে এক দৃষ্টান্ত: ইইউ প্রতিনিধি দল
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা এ মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি একজন উদাহরণ।”
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল যখন বাংলাদেশের নারীদের রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে অংশগ্রহণ করা খুবই কঠিন ছিল। কিন্তু তার সরকারের সময় নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সমাজের সব ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ বাড়ছে এবং নারীরা ভালোও করছে।”
সাক্ষাতে রাজনীতি, ধর্মীয় সম্প্রীতি, আঞ্চলিক কানেকটিভি, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেস সচিব জানান।
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। কিছু মানুষ ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলেও এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে তারা সফল হতে পারছে না।
শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করা, যাতে তারা সুন্দরভাবে বাঁচতে পারে।
সমাজের হতদরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ভারত ও চীনকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু প্রণীত পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখছে।
ইউরোপীয় প্রতিনিধি দলে পাঁচজন পার্লামেন্ট সদস্য ও চারজন কর্মকর্তা ছিলেন। সংসদ সদস্য হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানও সাক্ষাতে উপস্থিত ছিলেন।
