২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিতে নিয়োগের আগে ‘ডোপ টেস্ট’ কেন বাধ্যতামূলক হবে না: হাই কোর্ট

চাকরিতে যোগ দেওয়ার আগে ‘ডোপ টেস্ট’ কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 05:50 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করে।

বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না, তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল কেন বাধ্যতামূলক করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

কেউ মাদক কিংবা অননুমোদিত ওষুধ গ্রহণ করছেন কি না, তা নিশ্চিত হতে ‘ডোপ টেস্ট’ করা হয়। পরীক্ষায় ফল ‘পজিটিভ’ পেলে নিশ্চিত হওয়া যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি ওই ধরনের কিছু গ্রহণ করেছেন।

মাদকাসক্তির প্রবণতা কমিয়ে আনতে এই ধরনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন আইনজীবী একলাছ উদ্দিন।

তিনি সাংবাদিকদের বলেন, “দেশের প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। তাদের মধ্যে প্রায় ৬৫ ভাগ বয়সে তরুণ। তাছাড়া বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দাম্পত্য কলহ ও বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ মাদকাসক্তি। চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট হলে সামাজিকভাবে মাদকাসক্তি অনেকাংশে কমে আসবে।”

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ অর্থাৎ প্রায় দেড় কোটি নারী-পুরুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। আর তাদের মাধ্যমে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার শিশু এ রোগ নিয়ে জন্ম নিচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রক্তে থ্যালাসেমিয়া বা মাদকের অস্তিত্ব আছে কি না, বিয়ের আগে তার পরীক্ষা এবং চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছে আদালত।”

সাজু বলেন, “আমি মনে করি বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসা উচিৎ।”

ডোপ টেস্ট ও বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না, তার বাধ্যতামূলক পরীক্ষা চেয়ে গত ৫ জুলাই হাই কোর্টে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী।