খালেদার মুক্তি দাবিতে ঢাবিতে সাদা দলের অবস্থান ধর্মঘট
দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রায় একঘণ্টা এ কর্মসূচি পালন করেন সাদা দলের প্রায় ৩০ শিক্ষক।
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে লিখিত বক্তব্য পড়ে শোনান সাদা দলের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি সরকারের উদ্দেশে বলেন, “প্রহসন বাদ দিয়ে জনগণের দাবি মেনে নিন। সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নিন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।
“জনগণ শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন চায় না। সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এই দেশে আর হবে না।”
সংলাপের নামে ‘প্রহসন’ বন্ধের দাবি জানিয়ে এই অধ্যাপক বলেন, “সালিশ মানব, কিন্তু তালগাছ পুরোটাই আমার, এমন প্রহসন বন্ধ করুন। জনগণ এমন প্রহসন অবশ্যই প্রতিহত করবে।”
সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর যে আস্থা রাখা যায় না, সেটা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি।”
অধ্যাপক মুজাদ্দিদ আলফেসানী বলেন, “গণতন্ত্র ধ্বংস হোক, সেটা আমরা চাই না। অগণতান্ত্রিক সরকারের হাত ধরে কখনও একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে না। স্বাধীনতার মূল স্পিড গণতন্ত্রকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।”
অবস্থান ধর্মঘটে সাদা দলের শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মামুন আহমেদ, সুকোমল বড়ুয়া, মাহফুজুল হক, জসীম উদ্দীন, হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
