২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো উদ্যোগ প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানোর আহ্বান

সমাজের ভালো উদ্যোগগুলো প্রচারের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 07:20 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারী ও শিশুর সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারী ও শিশুর সুরক্ষা দেওয়া কারও একার পক্ষে সম্ভব না। আমরা যেমন আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করি, তেমনি সমাজের সুশীলসহ সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

“সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিকদের একটা নিউজের মাধ্যমে ঘটনাটি সহজেই সবার কাছে চলে যায়।”

শিশু রাজনের প্রতি নির্যাতনের কথা তুলে ধরে তিনি গণমাধ্যমের প্রশংসা করেন।

গণমাধ্যমকে সহায়ক শক্তি বলে উল্লেখ করে তিনি বলেন, “ভাল উদ্যোগগুলো প্রচার করলে মানুষ সজাগ হবে, সচেতনতা বাড়বে। ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছে দিলে ভাল হয়, তারা জানতে পারে।”

অপরাধীদের শাস্তির সংবাদটি ফলাও করে প্রচারের তাগিদ দেন সচিব। “প্রচারটা বেশি হলে অপরাধীরা ভয় পাবে। ছোট করে নিউজ দিলে মানুষ কিন্তু জানবেও না।”

নারীদের সুরক্ষায় বাস, মাইক্রোবাসসহ গণপরিবহনে সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়ে সচিব বলেন, “বাসে যদি কেউ অনৈতিক কাজ করতে চায়, তার ছবি উঠে থাকবে। তার বিচার করা সহজ হবে। ওই কাজটি করার সাহস সে করবে না। আমরা একদিকে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই আরেকদিক থেকে সামাজিকভাবে সুরক্ষা দিতে চাই।”

কর্মজীবী নারীদের সুবিধার্থে ডে কেয়ার আইন করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আমরা নারীদের প্রশিক্ষণ দিচ্ছি। সারা দেশে দুই কোটি নারী যেন ঘরে বসে কিছু রোজগার করতে পারে- সেই ব্যবস্থা আমরা করছি। ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি আমরা।”

কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ‘ডে-কেয়ার’ নীতিমালার করা হচ্ছে বলে জানান তিনি।

“আমরা ৯৮টি ডে-কেয়ার করেছি। আরও অনেকগুলো করার প্রক্রিয়ায় আছি। সন্তানদের জন্য মায়েদের পেশায় মনোযোগ আসছে না। আমরা ডে-কেয়ার আইন করব, নীতিমালা করতে যাচ্ছি।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন  প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন।