২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন: খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 06:52 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। 

খসড়া এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর নাম ও তথ্য এসেছে। এর মধ্যে ছাত্রী আছেন ১৪ হাজার ৫০৯ জন, আর ছাত্র ২৩ হাজার ৯৮৪ জন। 

উপাচার্য বলেন, “এ তালিকায় কিছু ভুল তথ্য আছে। শিক্ষার্থীরা যাতে নিজ নিজ তথ্যগুলো সংশোধন করে হল অফিসে জমা দিতে পারেন, সে কারণে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।” 

তিনি বলেন, “এটা হচ্ছে শিক্ষার্থীদের নামের একটা খসড়া। এটা প্রাথমিক পদক্ষেপ। ভোটার তালিকা আমরা তখনই বলব যখন রিটার্নিং কর্মকর্তা এ তালিকা সংশোধনের পর চূড়ান্ত করবেন। ডাকসুর যে গঠনতন্ত্র আছে, সে আলোকেই ভোটার তালিকা হবে।”

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজসহ অঙ্গীভূত ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, “ওদের তো আলাদা আলাদা কলেজ।”

সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “ওইটা ডাকসুর কনস্টিটিউশনে যেভাবে আছে, সেভাবে।”

গঠনতন্ত্রে কী আছে জানতে চাইলে তিনি বলেন, “ওইটা দেখতে হবে। রিটার্নিং অফিসার নিয়োগ করলে সেটা পর্যালোচনা করে দেখতে হবে, তখন বোঝা যাবে।”

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।